Chapter 6

তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ


সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর [TYPE-I]


1. পরিবহণ ব্যবস্থা বলতে কী বোঝায়?


উত্তরঃ আধুনিক সভ্যতার এক অপরিহার্য অঙ্গ হল পরিবহণ ব্যবস্থা। স্থানান্তরযোগ্য দ্রব্যসামগ্রী এবং যাত্রীকে এক স্থান থেকে অন্য স্থানে বহন করে নিয়ে যাওয়াকে পরিবহণ বলে। এর সাথে যুক্ত পথ, যানবাহন ও সংশ্লিষ্ট নিয়মকানুনকে একত্রে পরিবহণ ব্যবস্থা বলে। অধ্যাপক মার্শালের মতে, পরিবহণ কেবল পণ্যসামগ্রী ও মানুষের স্থানান্তরেই সাহায্য করে না, বরং মানুষের উন্নত সভ্যতার প্রতিটি পদক্ষেপে গুরুত্বপূর্ণ ভূমিকা ও দায়িত্ব পালন করে।


2. বন্দর সংযোজক পরিকল্পনা কী?


উত্তরঃ ভারতের জাতীয় সড়কপথ সংস্থা (National Highway Authority of India) চার চ্যানেলবিশিষ্ট রাজপথ নির্মাণ ও ভারতের বিভিন্ন বন্দরগুলিকে রাজপথ দ্বারা সংযুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে। এটিই বন্দর সংযোজক পরিকল্পনা নামে পরিচিত। এই পরিকল্পনা অনুযায়ী হলদিয়া, পারাদীপ, বিশাখাপত্তনম, চেন্নাই, এন্নোর, তুতিকোরিন প্রভৃতি বন্দরগুলিকে রাজপথ দ্বারা যুক্ত করার কাজ চলছে।


3. সোনালি চতুর্ভুজ কাকে বলে?


উত্তরঃ ভারতের চারটি মেট্রোপলিটন শহর যথা দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতাকে যুক্তকারী ছয় চ্যানেলবিশিষ্ট সড়কপথ হল সোনালি চতুর্ভুজ। এই চতুর্ভুজের মোট দৈর্ঘ্য 5846 কিলোমিটার। এর চারটি বাহুর দৈর্ঘ্য সমান নয়, যেমন-দিল্লি থেকে মুম্বাই-এর দূরত্ব 1419 কিমি, মুম্বাই থেকে চেন্নাই-এর দূরত্ব 1290 কিমি, চেন্নাই থেকে কলকাতার দূরত্ব 1684 কিমি এবং কলকাতা থেকে দিল্লি পর্যন্ত দূরত্ব প্রায় 1453 কিমি।


4. তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা দাও।


উত্তরঃ মানুষ যেসব কাজের মাধ্যমে সমাজকে বিভিন্ন পরিসেবা দিয়ে থাকে তাদের একত্রে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলি বলে। উদাহরণ-পরিবহণ, বাণিজ্য, ব্যাংক ও বিমা।


5. তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলির যে-কোনো একটি গুরুত্ব উল্লেখ করো।


উত্তরঃ প্রথম ও দ্বিতীয় ক্ষেত্র থেকে উৎপাদিত দ্রব্যের উৎকর্ষতা বৃদ্ধি, সঠিক বিনিময় ও বণ্টন তৃতীয় স্তরের কার্যাবলির মাধ্যমে সম্পন্ন হয়।


6. কোনো দ্রব্যের উৎপাদন, বণ্টন ও বিনিময় ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোন্ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের ওপর নির্ভর করা হয়?


উত্তরঃ কোনো দ্রব্যের উৎপাদন, বণ্টন ও বিনিময় ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের ওপর নির্ভর করা হয়।


7. বাণিজ্য কাকে বলে? অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে?


উত্তরঃ যে-কোনো রকমের পণ্যকে স্থানীয়, দেশীয় ও বৈদেশিক বাজারে বিনিময়, লেনদেন, আমদানি-রপ্তানি করা এবং সেই সংক্রান্ত সেবাক্ষেত্রকে বাণিজ্য বলে।

পণ্যসামগ্রী যখন দেশের অভ্যন্তরে ক্রয়বিক্রয় এবং আদানপ্রদান করা হয়, তখন তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে।


৪. আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে? আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ কী?


উত্তরঃ পণ্যসামগ্রী যখন এক দেশ থেকে অন্য দেশে আদানপ্রদান করা হয়, তখন তাকে বৈদেশিক বাণিজ্য বা আন্তর্জাতিক বাণিজ্য বলে।

আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হল-প্রাকৃতিক সম্পদের অসম বণ্টন।


9. বেনেলাক্স কী?


উত্তরঃ বেনেলাক্স হল একটি ইউরোপীয় ইউনিয়ন যার মাধ্যমে এর অশ দেশগুলিতে যথা বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ প্রভৃ আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তন ঘটে।


10. আমদানি বাণিজ্য কাকে বলে?


উত্তরঃ পণ্যসামগ্রী যখন অন্য দেশ থেকে নিজের দেশে আনা হয়, তখন তাকে আমদানি বাণিজ্য বলে।


11. রপ্তানি বাণিজ্য কাকে বলে?


উত্তরঃ পণ্যসামগ্রী যখন নিজের দেশ থেকে অন্য দেশে বিক্রি করা হয়, তখন তাকে রপ্তানি বাণিজ্য বলে।


12. বাণিজ্যিক উদ্বৃত্ত বলতে কী বোঝায়? ভারতে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলির মধ্যে বৃহত্তম কোনটি?


উত্তরঃ কোনো দেশের একটি নির্দিষ্ট বছরের মোট আমদানিমূল্য ও মোট রপ্তানিমূল্যের পার্থক্যকে বাণিজ্যিক উদ্বৃত্ত বলে।

ভারতীয় স্টেট ব্যাংক হল রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলির মধ্যে বৃহত্তম।


13. শিল্প ব্যাংক কী?


উত্তরঃ শিল্পক্ষেত্রে মাঝারি ও দীর্ঘমেয়াদি ঋণদানের জন্য যেসকল ব্যাংক কাজ করে, তাদের শিল্প ব্যাংক বলে।


14. কৃষি ব্যাংক কী?


উত্তরঃ কৃষি যন্ত্রপাতি, উচ্চফলনশীল বীজ, সার, কীটনাশক ওষুধ, ট্রাক্টর, পাম্পসেট ইত্যাদি ক্রয় করার জন্য যে ব্যাংক ঋণ দেয়, তাকে কৃষি ব্যাংক বলে।


15. সমবায় ব্যাংক কী?


উত্তরঃ কৃষক, শ্রমজীবী মানুষ, বিভিন্ন আয়ের চাকুরিজীবী মানুষ সমবায় ভিত্তিতে যে ব্যাংক গঠন করে, তাকে সমবায় ব্যাংক বলে।


16. সোনালি চতুর্ভুজের কোন্ দুটি অংশের মধ্যে দূরত্ব সবথেকে বেশি? সোনালি চতুর্ভুজের কোন্ দুটি অংশের মধ্যে দূরত্ব সবচেয়ে কম?


উত্তরঃ সোনালি চতুর্ভুজের অন্তর্গত কলকাতা থেকে চেন্নাই অংশের দূরত্ব সবথেকে বেশি।

সোনালি চতুর্ভুজের মুম্বাই থেকে চেন্নাই অংশের মধ্যে দূরত্ব সবথেকে কম।


17. জাতীয় সড়ক কাকে বলে?


উত্তরঃ কোনো দেশের বিভিন্ন রাজ্যকে যুক্তকারী এবং NHAI দ্বারা নির্মিত ও রক্ষণাবেক্ষিত সড়কপথকে জাতীয় সড়ক বলে।


18. রাজ্য সড়কপথ কাকে বলে?


উত্তরঃ যেসব সড়কপথ রাজ্য সরকার দ্বারা নির্মিত ও রক্ষণাবেক্ষিত এবং জাতীয় সড়কপথের সঙ্গে যুক্ত, তাদের রাজ্য সড়কপথ বলে।


19. ভারতের দীর্ঘতম সড়কপথ কোনটি? আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রধান রাজপথ বা Highway কী নামে পরিচিত?


উত্তরঃ ভারতের দীর্ঘতম সড়কপথটি হল 7 নং জাতীয় সড়ক (বারাণসী থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত)।

আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রধান রাজপথ বা Highway এক্সপ্রেসওয়ে (Expressway) নামে পরিচিত।


20. ভারতে প্রধান রাজপথ বা Highway কী নামে পরিচিত? গ্রাম্য পথ কী?


উত্তরঃ ভারতে প্রধান রাজপথ বা Highway জাতীয় রাজপথ (National Highway) নামে পরিচিত।


গ্রামে পায়ে হাঁটা বা গোরুরগাড়ি চলার যে রাস্তা দেখা যায়, তাকে গ্রাম্য পথ বলে।


21. কত নং জাতীয় সড়কপথ আসানসোল-রানিগঞ্জকে কলকাতার সাথে যুক্ত করেছে? ভারতে জাতীয় সড়কপথ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে কোন্ সংস্থাটি গঠিত হয়েছে?


উত্তরঃ 2 নং জাতীয় সড়কপথ আসানসোল-রানিগঞ্জকে কলকাতার সাথে যুক্ত করেছে।


ভারতে জাতীয় সড়কপথ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে গঠিত সংস্থাটি হল National Highway Authority of India (NHAI) |


22. ভারতের 1 নং জাতীয় সড়কের বর্তমান নাম কী? কোন্ জাতীয় সড়ক কলকাতা ও দিল্লির মধ্যে সংযোগ স্থাপন করেছে?


উত্তরঃ ভারতের 1 নং জাতীয় সড়কের বর্তমান নাম শেরশাহ সুরি মার্গ।


2 নং জাতীয় সড়ক কলকাতা ও দিল্লির মধ্যে সংযোগ স্থাপন করেছে।


23. কোন্ দেশে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা নির্মাণ করা হয়?


উত্তরঃ ভারতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা নির্মাণ করা হয়।


24. শিপিং লাইন বলতে কী বোঝায়?


উত্তরঃ যেসব সংস্থা বা কোম্পানির জাহাজ সমুদ্রে চলাচল করে, সেসব সংস্থা বা কোম্পানিকে শিপিং লাইন বলে।


25. শিপিং লেন কাকে বলে?


উত্তরঃ নির্দিষ্ট গন্তব্যে পৌঁছোনোর জন্য জাহাজ সমুদ্রে যে পথ অনুসরণ করে সেই নির্দিষ্ট পথকে শিপিং লেন বলে।


26. যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝায়?


উত্তরঃ যে ব্যবস্থাপনার মাধ্যমে একাধিক ব্যক্তি বা সংস্থার মধ্যে সংবাদ, তথ্য, আদেশ, নির্দেশ ও সিদ্ধান্ত পরিবেশন এবং আদানপ্রদান করা হয় সেই ব্যবস্থাপনাকে যোগাযোগ ব্যবস্থা বলে।


27. আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের ওপর বেশি গুরুত্ব আরোপ করা হয় কেন?


উত্তরঃ কৃত্রিম উপগ্রহ মারফত প্রেরিত চিত্রের মাধ্যমে পরিবহণের অতি সাম্প্রতিকতম এবং প্রকৃত অবস্থা জানা যায়। তাই আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের গুরুত্ব খুব বেশি।


28. তথ্যের সংজ্ঞা দাও। তথ্য পরিসেবা ক্ষেত্রের উন্নতির জন্য কোন্ বিপ্লব গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে?


উত্তরঃ কোনো বস্তু বা উপাদান ও ব্যক্তি সম্পর্কে সুনির্দিষ্ট কথা, সংবাদ ও সেই সংক্রান্ত জ্ঞানকে তথ্য বলে।

তথ্য পরিসেবা ক্ষেত্রের উন্নতির জন্য ইলেকট্রনিক্স বিপ্লব গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে।


29. ইনটারনেট বা অন্তর্জাল কী? কম্পিউটার পরিভাষায় 'ভাইরাস' কী?


উত্তরঃ ইনটারনেট বা অন্তর্জাল হল পরস্পর সংযুক্ত অনেকগুলি কম্পিউটার নেটওয়ার্ক বা কার্যক্রমের সমন্বয়।

কম্পিউটার পরিভাষায় 'ভাইরাস' হল একধরনের বাধ্য যার আক্রমণে কম্পিউটার পরিসেবা ব্যাহত হয়।


30. ই-কমার্স কী?


উত্তরঃ ইনটারনেট ব্যবস্থার সুবিধা নিয়ে কম্পিউটারের মাধ্যমে যে ব্যাবসাবাণিজ্য করা হয়, তাকে ই-কমার্স বলে।


31. ই-মেল বা বৈদ্যুতিন ডাক কী?

উত্তরঃ ই-মেল বা বৈদ্যুতিন ডাক হল ইনটারনেট ব্যবস্থার মাধ্যমে এক কম্পিউটার থেকে আর-এক কম্পিউটারে পাঠানো বৈদ্যুতিন চিঠি।

32. টেলি-মেডিসিন পরিসেবা কী?

উত্তরঃ ইনটারনেট ব্যবস্থার সাহায্যে দেশি ও বিদেশি হাসপাতালের বিশেষজ্ঞের দ্বারা রোগীকে চিকিৎসা পরিসেবা প্রদান করাকে টেলি-মেডিসিন পরিসেবা বলে।


33. ভয়েস মেল বলতে কী বোঝায়?


উত্তরঃ ইনটারনেট পরিসেবার সাহায্যে কণ্ঠস্বরের মাধ্যমে প্রাপকের কাছে তথ্যসমূহ পাঠানোর পদ্ধতিকে ভয়েস মেল বলে।


34. ভারত টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য কোন্ পর্যায়ের উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে? বিশ্বের তথ্যপ্রযুক্তির রাজধানী কোথায় অবস্থিত?


উত্তরঃ ভারত টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য INSAT পর্যায়ের উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে।

বিশ্বের তথ্যপ্রযুক্তির রাজধানী আমেরিকা যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে অবস্থিত।


35. ফ্যাক্স বলতে কী বোঝায়?


উত্তরঃ টেলিফোন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে লিখিত বার্তা, নথিপত্র, মানচিত্র, সংবাদ, পরিসংখ্যান প্রভৃতি অবিকৃত অবস্থায় এক অফিস থেকে আর-এক অফিসে আদানপ্রদান করাকে ফ্যাক্স বলে।