Chapter 5
দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ-শিল্প
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর [TYPE-I]
1. শিল্পের সংজ্ঞা দাও। অথবা, শ্রমশিল্প কাকে বলে?
উত্তরঃ শিল্প হল কাঁচামাল তথা সম্পদ রূপান্তরের প্রক্রিয়া। বনজ, খনিজ এবং কৃষিজ সম্পদকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কারখানায় যে প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় ভোগ্যপণ্যে পরিণত করা হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় শিল্প। উদাহরণ: কৃষিজ সম্পদ কার্পাস থেকে বস্ত্রশিল্প এবং খনিজ সম্পদ আকরিক লোহা থেকে লোহা ও ইস্পাত শিল্প গড়ে ওঠে।
2. মৌলিক শিল্প বলতে কী বোঝ?
উত্তরঃ যেসব শিল্পের ওপর অন্যান্য শিল্পের বিকাশ নির্ভর করে বা যেসব শিল্পের উৎপাদিত দ্রব্য অন্যান্য শিল্পের কাঁচামালরূপে ব্যবহৃত হয়, সেগুলিকে মৌলিক শিল্প (basic industry) বলে। উদাহরণ: লোহা ও ইস্পাত শিল্পে উৎপাদিত যন্ত্রপাতি ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য শিল্পে ব্যবহৃত হয়।
3. অনুসারী শিল্প কাকে বলে? অথবা, অনুসারী শিল্প কী?
উত্তরঃ যখন কোনো শিল্পে উৎপাদিত দ্রব্যসমূহকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে পরস্পর নির্ভরশীল অনেক শিল্প গড়ে তোলা হয়, তখন প্রথমটিকে কেন্দ্রীয় শিল্প এবং বাকি শিল্পগুলিকে অনুসারী শিল্প বলে। উদাহরণ: হলদিয়ার পেট্রোরসায়ন শিল্প হল কেন্দ্রীয় শিল্প, আর এই শিল্পে উৎপাদিত দ্রব্যসমূহকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে যেসব শিল্প গড়ে উঠছে তাদের অনুসারী শিল্প বলে।
4. হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কী?
উত্তরঃ যেসব ইঞ্জিনিয়ারিং শিল্পে অন্যান্য শিল্পের জন্য প্রয়োজনীয় ছোটো ছোটো যন্ত্রাংশ তৈরি করা হয় এবং বিভিন্ন বৈদ্যুতিক ও ইলেকট্রনিকস ভোগ্যপণ্য প্রস্তুত করা হয়, সেইসব শিল্পকে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প বলে। উদাহরণ: ক্যামেরা, রেডিয়ো, টেলিভিশন, টাইপরাইটার, ঘড়ি, বৈদ্যুতিক পাখা প্রভৃতি এই শিল্পে উৎপাদিত দ্রব্য।
5. তথ্যপ্রযুক্তি শিল্প বলতে কী বোঝ? অথবা, তথ্যপ্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও।
উত্তরঃ যখন কম্পিউটার ও টেলিযোগাযোগ বা দূরসঞ্চার ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন প্রকার তথ্যের অন্বেষণ, পুনরুদ্ধার, পরিবর্তন, পরিমার্জন, বিশ্লেষণ, সংরক্ষণ বা মজুত প্রভৃতি কাজ ব্যাবসায়িক প্রয়োজনে করা হয়, তখন সেইসব শিল্পকে তথ্যপ্রযুক্তি শিল্প বলে। বিভিন্ন ধরনের পরিকাঠামো ও উৎপাদন ব্যবস্থা এই তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য প্রয়োজন হয়, যেমন-কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, ইলেকট্রনিকস বা বৈদ্যুতিন সেমিকন্ডাক্টর, ইনটারনেট, ই-কমার্স, দূরসঞ্চার সাজসরঞ্জাম, কম্পিউটার পরিসেবা ইত্যাদি।
6. মিনি স্টিল প্লান্ট সম্বন্ধে ধারণা দাও।
উত্তরঃ যেসব লোহা ও ইস্পাত কারখানার বার্ষিক উৎপাদনক্ষমতা 10 লক্ষ টনের কম এবং বৈদ্যুতিক চুল্লি (electric arc furnace)-র সাহায্যে স্পঞ্জ আয়রন ও স্ক্র্যাপ আয়রন থেকে ইস্পাত উৎপাদন করা হয়,
সেইসব কারখানাকে মিনি স্টিল প্লান্ট বলা হয়। বর্তমানে ভারতে প্রায় 650টি মিনি স্টিল প্লান্ট রয়েছে। ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ মিনি স্টিল প্লান্ট হল— (i) পশ্চিমবঙ্গের হাওড়ার কাছে অবস্থিত ন্যাশনাল আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, (ii) অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত অন্ধ্র স্টিল কর্পোরেশন লিমিটেড, (iii) মহারাষ্ট্রের মুম্বাইয়ে অবস্থিত মুকুন্দ লিমিটেড প্রভৃতি।
7. আইসোডাপেন কী? কাগজ শিল্পের চারটি কাঁচামালের নাম লেখো।
উত্তরঃ কাঁচামাল ও উৎপাদিত পণ্যের মিলিত পরিবহণ ব্যয়ের সমযোগফল বিন্দুগুলিকে অর্থাৎ সমান মোট পরিবহণ ব্যয় বিন্দুগুলিকে যোগ করলে যে রেখা পাওয়া যায়, তাকে আইসোডাপেন বলে।
কাগজ শিল্পের চারটি কাঁচামালের নাম হল-উদ্ভিজ্জ কাঁচামালের মধ্যে নরম কাঠ, আখের ছিবড়া এবং রাসায়নিক কাঁচামালের মধ্যে সোডিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট।
৪. অনুসারী শিল্পগুচ্ছ কাকে বলে? ভিলাইয়ের লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রটি কোন অঞ্চল থেকে আকরিক লৌহ সংগ্রহ করে?
উত্তরঃ বৃহদায়তন শিল্পের উৎপাদিত দ্রব্যকে যেসব ক্ষুদ্রায়তন শিল্প তাদের শিল্পের কাঁচামালরূপে ব্যবহার করে, তাদের অনুসারী শিল্প বা ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি বলে।
ভিলাইয়ের লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রটি দাল্লি-রাজহারা অঞ্চল থেকে আকরিক লৌহ সংগ্রহ করে।
9. দক্ষিণ ভারতের দুটি লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রের নাম করো। আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত দুটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের নাম লেখো।
উত্তরঃ দক্ষিণ ভারতের দুটি লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রের নাম হল বিশ্বেশ্বরা আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড (ভদ্রাবতী) এবং বিশাখাপত্তনম স্টিল প্রোজেক্ট।
আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত দুটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের নাম হল-আলাবামা রাজ্যের আটলান্টা ও দক্ষিণ ক্যারোলিনা রাজ্যের কলম্বিয়া।
10. কোন্ শহরকে 'দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার' বলা হয়? আইসোটিম কী?
উত্তরঃ তামিলনাড়ুর কোয়েম্বাটোরকে 'দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার' বলা হয়।
আইসোটিম কথার অর্থ হল সমপরিবহণ ব্যয়রেখা। অর্থাৎ সমান পরিবহণ ব্যয়যুক্ত স্থানগুলিকে যুক্ত করলে যে রেখা পাওয়া যায়, তাকে আইসোটিম বলে।
11. শিল্প কাকে বলে? দুর্গাপুরকে 'ভারতের বুর' বলা হয় কেন?
উত্তরঃ যে-কোনো ধরনের কাঁচামালের রূপান্তর প্রক্রিয়াকে শিল্প বলে।
জার্মানির রুর শিল্পাঞ্চলের মতো দুর্গাপুর শিল্পনগরীও প্রধানত দামোদর উপত্যকার কয়লাখনি অঞ্চলের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে বলে, দুর্গাপুরকে 'ভারতের বুর' বলা হয়।
12. 'ব্রেক অফ বাল্ক পয়েন্ট' কাকে বলে? ভারতের প্রথম পেট্রোরাসায়নিক কারখানাটি কোথায় গড়ে উঠেছে?
উত্তরঃ গন্তব্যে পৌঁছানোর জন্য পণ্যসামগ্রীকে যাত্রাপথের যে স্থানে বাধ্যতামূলকভাবে এক পরিবহণ যান থেকে অন্য পরিবহণ যানে স্থানান্তরিত করতে হয়, তাকে ব্রেক অফ বাল্ক পয়েন্ট বলে
মহারাষ্ট্রের ট্রম্বেতে ভারতের প্রথম পেট্রোরাসায়নিক কারখানাটি গড়ে উঠেছে।
13. উত্তরাখণ্ডের কোথায় দু-চাকার গাড়ি কারখানা অবস্থিত? ভারতের প্রথম বৃহদায়তন ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত?
উত্তরঃ উত্তরাখণ্ডের পন্থনগরে দু-চাকার গাড়ি কারখানা অবস্থিত।
ভারতের প্রথম বৃহদায়তন ইস্পাত কারখানাটি তামিলনাড়ুর আর্কট জেলার পোর্টোনোভোতে অবস্থিত।
14. ভারতের সর্বাধুনিক লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্র কোথায় গড়ে উঠেছে? পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কী?
উত্তরঃ ভারতের সর্বাধুনিক লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্র বিশাখাপত্তনমে গড়ে উঠেছে। ন্যাপথা হল পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল।
15. উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার কোন্ শহরকে বলা হয়? আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি প্রধান পেট্রোরসায়ন কেন্দ্রের নাম লেখো।
উত্তরঃ কানপুর শহরকে উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয়।
আমেরিকা যুক্তরাষ্ট্রের উইলমিংটন হল একটি প্রধান পেট্রোরসায়ন কেন্দ্র।
16. ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কোম্পানির নাম কী? ভারতের যে-কোনো একটি স্কুটার নির্মাণ শিল্পকেন্দ্রের নাম উল্লেখ করো।
উত্তরঃ ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কোম্পানি হল মারুতি উদ্যোগ লিমিটেড।
টিভিএস মোটর কোম্পানি (তামিলনাড়ুর হোসুর) ভারতের একটি স্কুটার নির্মাণ শিল্পকেন্দ্র।
17. আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ সংস্থাটির নাম কী? দৈতারি ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত?
উত্তরঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ সংস্থাটির নাম হল জেনারেল মোটরস কর্পোরশেন।
ভারতের ওডিশায় দৈতারি ইস্পাত কারখানা অবস্থিত।
18. ভারতের ভিলাই লৌহ ও ইস্পাত কারখানাটি কোন্ দেশের কারিগরি সহায়তায় গড়ে উঠেছে? কোন নদীর তীরে রাউরকেলা ইস্পাত শিল্পকেন্দ্রটি গড়ে উঠেছে?
উত্তরঃ ভারতের ভিলাই লৌহ ও ইস্পাত কারখানাটি পূর্বতন সোভিয়েত ইউনিয়নের কারিগরি সহায়তায় গড়ে উঠেছে।
ব্রাহ্মণী নদীর তীরে রাউরকেলা ইস্পাত শিল্পকেন্দ্রটি গড়ে উঠেছে।
19. বার্নপুর-কূলটি লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্রটি কোন্ নদীর তীরে অবস্থিত? ভারতের 'ইস্পাত নগরী' কাকে বলা হয়?
উত্তরঃ বার্নপুর-কুলটি লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্রটি দামোদর নদীর তীরে অবস্থিত।
জামশেদপুরকে ভারতের 'ইস্পাত নগরী' বলা হয়।