1. ভারতে বিচার বিভাগের নিরপেক্ষতা রক্ষায় যে-কোনো দুটি সাংবিধানিক ব্যবস্থার উল্লেখ করো।


উত্তরঃ  ভারতে বিচার বিভাগের নিরপেক্ষতা রক্ষার জন্য গৃহীত দুটি প্রধান সাংবিধানিক ব্যবস্থা হল- 1) প্রমাণিত 'অসদাচরণ' ও 'অক্ষমতা' ছাড়া অন্য কোনো কারণে কোনো বিচারপতিকে তাঁর কার্যকাল শেষ হওয়ার আগে অপসারণ করা যায় না, 2) পার্লামেন্টে বিচারপতিদের রায়ের যৌক্তিকতা নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলা যায় না।


2. সুপ্রিমকোর্ট কীভাবে গঠিত হয়?


উত্তরঃ  ১৯৮৬ সালের এপ্রিলে প্রণীত পার্লামেন্টের আইন অনুসারে বর্তমানে একজন প্রধান বিচারপতি এবং ২৫ জন সহকারী বিচারপতিকে নিয়ে সুপ্রিমকোর্ট গঠিত হয় [১২৪(১) নং ধারা]।


3. সংবিধানের কোন্ ধারা অনুযায়ী সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার জন্য লেখ জারি করতে পারে?


উত্তরঃ  ৩২ নং ধারা অনুযায়ী সুপ্রিমকোর্ট এবং ২২৬ নং ধারা অনুযায়ী হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে।


4. হাইকোর্টের কোন্ রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের মূল এলাকায় আপিল করা যায়?


উত্তরঃ  সংবিধানের ব্যাখ্যা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের মূল এলাকায় আপিল করা যায়।


5. লোক আদালতের গঠনের উদ্দেশ্য কী?


উত্তরঃ সাধারণ মানুষের জন্য স্বল্প ব্যয়ে, সহজ উপায়ে, দ্রুত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করাই হল লোক আদালত গঠনের উদ্দেশ্য।


6. লোক আদালতের এক্তিয়ারভুক্ত বিষয়গুলি কী?


উত্তরঃ লোক আদালতের এক্তিয়ারভুক্ত বিষয়গুলি হল পথ-দুর্ঘটনা-সংক্রান্ত ক্ষতিপূরণ নির্ধারণ, সম্পত্তিবিষয়ক বিরোধ, দাম্পত্য বিরোধের মীমাংসা ইত্যাদি।


7. সুপ্রিমকোর্টের বিচারবিভাগীয় পর্যালোচনার ক্ষমতা বলতে কী বোঝায়?


উত্তরঃ  কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলির দ্বারা প্রণীত সাংবিধানিক আইন, আদেশ বা নির্দেশের বৈধতা বিচারকে সুপ্রিমকোর্টের বিচারবিভাগীয় পর্যালোচনার ক্ষমতা বলে।


8. কোন্ কোন্ পদাধিকারীর বিরুদ্ধে সুপ্রিমকোর্ট বা হাইকোর্ট পরমাদেশ জারি করতে পারে না?


উত্তরঃ  ভারতের রাষ্ট্রপতি এবং কোনো রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিমকোর্ট বা হাইকোর্ট পরমাদেশ জারি করতে পারে না।


9. বিচারবিভাগীয় সক্রিয়তা বলতে কী বোঝায়?


উত্তরঃ  বিচারবিভাগীয় সক্রিয়তা বলতে আদালতের সেই ভূমিকাকে বোঝায় যা আইন বিভাগ ও শাসন বিভাগের কর্মক্ষেত্রের ওপর বিচার বিভাগের প্রাধান্য বিস্তারকে সূচিত করে।


10. রাষ্ট্রপতি কী কারণে হাইকোর্টের কোনো বিচারপতিকে পদচ্যুত করতে পারেন?


উত্তরঃ  রাষ্ট্রপতি প্রমাণিত অসদাচরণ বা অক্ষমতার অভিযোগে হাইকোর্টের কোনো বিচারপতিকে পদচ্যুত করতে পারেন।